আমিরাতে বিক্ষোভ করা সেই ৫৭ বাংলাদেশি ক্ষমা পেলেন

সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস জানান, সংযুক্ত আরব আমিরাতের আদালতে দোষী সাব্যস্ত এই ৫৭ জন বাংলাদেশিকে আজ প্রেসিডেন্টের ক্ষমা প্রদান করা হয়েছে এবং শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত জুলাইয়ে আমিরাতের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এসব বাংলাদেশি নাগরিক দোষী সাব্যস্ত হন। তবে এখন প্রেসিডেন্টের এই ক্ষমার মাধ্যমে তাদের কারাদণ্ড বাতিল করা হয়েছে।

আরও পড়ুন:  চলতি মাসেই ধেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড়
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত শুক্রবার (১৯ জুলাই) সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়, ওই বিক্ষোভের পরদিন শনিবার (২০ জুলাই) আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বিবৃতি দিয়ে প্রবাসীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সব প্রবাসী বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। সবার জেনে রাখা ভালো, এই দেশের আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষগুলোর পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ করা বা স্লোগান দেওয়া নিষিদ্ধ। জনগণের মধ্যে অস্থিরতা, আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, এমন কোনো কাজ করা, গুজব বা অপপ্রচার চালানো কিংবা এই ধরনের কোনো বক্তব্য, ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এই দেশে সম্পূর্ণ নিষিদ্ধ।

…….ডিডিজে নিউজ

আরও পড়ুন:  সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে তাপমাত্রা কমতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *