দীর্ঘ যুদ্ধের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এক সপ্তাহ পার হলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ওয়াশিংটনের বক্তব্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের ইঙ্গিত মিলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরব দেশগুলোর কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে বলেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে অ্যাক্সিওস ।

প্রতিবেদন অনুযায়ী, রুবিও আরব মন্ত্রীদের জানান—যুক্তরাষ্ট্র মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, অস্ত্রের মজুত এবং উৎপাদন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
তিনি আরও বলেন, এই যুদ্ধের লক্ষ্য সরাসরি সরকার পরিবর্তন নয়। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্র চায় ইরানে ভিন্ন নেতৃত্ব ক্ষমতায় আসুক।

রুবিও জানান, বর্তমানে ইরানের বিদ্যমান সরকারের সঙ্গে কোনো ধরনের সংলাপ চলছে না। তার মতে, এই পর্যায়ে আলোচনায় গেলে সামরিক লক্ষ্য অর্জনে তা বাধা সৃষ্টি করতে পারে।
এর মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কয়েকটি দেশ যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা করছে।

আরও পড়ুন:  উঁচু ঝুলন্ত মসজিদ বানালো সৌদি, দেখা যাবে কাবা শরিফ

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।

ট্রাম্প আরও বলেন, ইরান আত্মসমর্পণ করলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নতুন গ্রহণযোগ্য ইরানি নেতাদের সঙ্গে কাজ করে দেশটির পুনর্গঠনে সহায়তা করবে।

বিশ্লেষকেরা বলছেন, কূটনৈতিক প্রচেষ্টা চললেও যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যে বরং দীর্ঘস্থায়ী সংঘাতের আভাসই বেশি স্পষ্ট হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *