পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মঙ্গলবার, বাংলাদেশে কখন দেখা যাবে

পূর্ণিমার চাঁদে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মহাজাগতিক দুর্লভ দৃশ্য ঘটতে চলেছে। আগামী মঙ্গলবার (৩ মার্চ) বছরের প্রথম চন্দ্রগ্রহণ। বিরল এ দৃশ্য দেখার সুযোগ পাবে বিশ্বের একাধিক দেশসহ বাংলাদেশও।

২০২৬ সালে এটিই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ৩ মার্চ হওয়া চন্দ্রগ্রহণটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এদিন একইসঙ্গে পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাই চাঁদ এক বিশেষ রক্তিম বা তামাটে আভা ধারণ করবে। বিরল এ মহাজাগতিক দৃশ্য ‘ব্লাড ওয়ার্ম মুন’ নামেও পরিচিত।

জানা যায়, ভারতবর্ষে দৃশ্যমান হবে গ্রহণটি। বাংলাদেশ থেকেও গ্রহণটি দেখা যাবে। তবে তা দৃশ্যমান হবে আংশিকভাবে।
 
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ যা চলবে ৬টা ৩ মিনিট পর্যন্ত। গ্রহণটি ৫৯ মিনিট স্থায়ী হবে। তবে বিশ্বে পুরো গ্রহণটি চলবে  রাত ৮:২৩ মিনিট পর্যন্ত।
 
বাংলাদেশ ও ভারত ছাড়া বিশ্বের অনেক দেশে গ্রহণটি স্পষ্ট দেখা যাবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সবচেয়ে ভালো দেখা যাবে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।
 
এছাড়া উত্তর ও মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশে ভোরের দিকে এটি দৃশ্যমান হবে। তবে ইউরোপ ও আফ্রিকার আকাশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।
 
ব্লাড মুনের মহাজাগতিক এ দৃশ্য খালি চোখে নিরাপদে দেখা সম্ভব। তাই পূর্ণিমার চাঁদে লাগা বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার অপেক্ষায় বিশ্ববাসী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *