রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন মহিলা আওয়ামী লীগ-এর ৭ নেত্রী ও তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ভোরে সংগঠনটির কয়েকজন নেত্রী ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁয় সেহরি করেন। সেখান থেকে বের হয়ে ২০ থেকে ২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ঝটিকা মিছিল বের করেন। তারা স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।
খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং অংশগ্রহণকারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় ৭ জন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।







