রোজার শুরুর দিকে অনেকেই অভ্যস্ততার কারণে ভুলে খাবার খেয়ে ফেলেন। ভুলবশত পানাহার করলে রোজা ভেঙে যায় কিনা তা নিয়ে চিন্তায় ভোগেন অনেকেই। তবে, ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না। [বুখারি শরিফ ১/২৫৯]।
এ বিষয়ে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—
إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ
‘যখন কেউ ভুলে খেয়ে বা পান করে ফেলে, সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহ তাআলাই তাকে পানাহার করিয়েছেন।’ (বুখারি ১৯৩৩)
তবে কেউ যদি ভুল করে কিছু খাওয়ার পর মনে করে যে তার রোজা ভেঙে গেছে এবং সেই ধারণা থেকে ইচ্ছাকৃতভাবে আবার খায় বা পান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এ ক্ষেত্রে ওই দিনের জন্য একটি রোজা কাজা করতে হবে। তবে কাফফারা আদায় করতে হবে না। পাশাপাশি এ ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা ও ইসতেগফার করা উত্তম (কিতাবুল আছল ২/১৫৫, বাদায়েউস সানায়ে ২/২৫৮, খিজানাতুল আহকাম ১/৩০০, ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২২৪, আল-মুহিতুল বুরহানি ৩/৩৬৬, খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৮, রদ্দুল মুহতার ২/৪০৫)।






