আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দুজন মন্ত্রী।
বৈঠকে তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠক শেষে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ আছে। এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে আজকের (বৃহস্পতিবার) বৈঠকে আলোচনা হয়েছে। সরকার ঈদুল ফিতরের আগে পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে।
কতটি পরিবার এ কার্ডের আওতায় আসবে- এমন প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী বলেন, উদ্যোগটি মূলত সর্বজনীনভাবে পরিকল্পনা করা হয়েছে। এতে কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। তবে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। হতদরিদ্রদের দিয়ে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকেও এ সুবিধার আওতায় আনা হবে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, কমিটিটি গঠন করা হবে অর্থমন্ত্রীর নেতৃত্বে। ধাপে ধাপে দেশের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
ফ্যামিলি কার্ড আগামী অর্থবছরে চালু না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ মন্তব্যের প্রতিক্রিয়ায় পরিবেশ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড চালু হওয়া নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। কার্যক্রম কীভাবে শুরু করা যায়, সরকার সে প্রক্রিয়া চূড়ান্ত করছে।







